​রাকসুর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, থাকছে ১৬ বিভাগে চিকিৎসাসেবা

রাকসুর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধন

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০২:৪৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০২:৪৩:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা দিতে দুই দিনব্যাপী ‘রাকসু হেলথ ক্যাম্প’-এর আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগ। রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করা হয়। ক্যাম্পটি ১১ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। এতে ১৬টি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রায় ১৫ ধরনের বিনামূল্যের মেডিকেল পরীক্ষা করানোর সুযোগ রয়েছে।

রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করছে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর) এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), রাজশাহী।

আয়োজকরা জানান, ক্যাম্পে নাক-কান-গলা, লিভার, কিডনি, বক্ষব্যাধি, গাইনি ও মেডিসিনসহ ১৬টি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি আলট্রাসনোগ্রাম, ইসিজি, রিফ্র্যাকশন টেস্ট ও ফিজিওথেরাপিসহ প্রায় ১৫ ধরনের বিনামূল্যের মেডিকেল পরীক্ষা করানো যাবে। ক্যাম্পের অন্যতম বিশেষত্ব হিসেবে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট একই দিনে, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

ডিসিআরের প্রতিনিধি ড. ইলিয়াস হোসেন বলেন, “শুধু হাসপাতালভিত্তিক চিকিৎসাসেবার মাধ্যমে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব নয়। তাই একই জায়গায় চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও রিপোর্টভিত্তিক পরামর্শ দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের পোর্টেবল ল্যাবে পরীক্ষা করে দুই ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে। রোগীর বয়স, উচ্চতা, ওজন ও ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। মূল লক্ষ্য হলো, রোগকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে জটিলতা ও ব্যয়বহুল চিকিৎসার ঝুঁকি কমানো। এ লক্ষ্যে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ গত ১৮ বছর ধরে কাজ করছে।”

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসাসেবাও ঠিকমতো পান না। সেখানে এক জায়গায় এতগুলো সেবা পাওয়া এবং মাত্র দুই ঘণ্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া অবিশ্বাস্য।”

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। আমরা দোয়া করি, অসুস্থ শিক্ষার্থীরা এই চিকিৎসাসেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠুক।”

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মতিয়ার রহমান বলেন, “এ ধরনের চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে বা স্বল্পমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নেওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা উন্নত চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, এ ধরনের উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে পড়বে এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি লাভ করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মতিয়ার রহমান। অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মামুন ও অধ্যাপক ড.শাকিলু রহমান শাহিন, এনডিএফ এবং ডিসিআরের চিকিৎসক, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মারসহ রাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]