নিজস্ব প্রতিবেদক
অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। অবশিষ্ট হামলাকারী ও মূলহোতাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার শেষে স্বাস্থ্যকেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। লুটের মালামালও জব্দ করা হয়েছে। রাড্ডাকাণ্ড নিয়ে ভবিষ্যতে যেন কেউ অপপ্রচার চালাতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকারও আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।’
এর আগে, ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর ১ নম্বর সেকশনে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় ২০০ লোক দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে ঢুকে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। আর পাকা ভবনের আল্ট্রাসাউন্ড কক্ষ, টিকা কক্ষ, ল্যাবরেটরিসহ পাঁচটি কক্ষের জানালা-দরজা ভেঙে ফেলা হয়। ভবনটি থেকে সব ধরনের আসবাবপত্র, ওষুধসামগ্রী, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি, আলমারি নিয়ে যায় হামলাকারীরা। সব মিলিয়ে পুরো স্থাপনাটির কোটি টাকার বেশি ক্ষতি হয় বলে রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের পর সেখানে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’ এর সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যায়।
এ ঘটনায় শাহআলী থানায় ২০০-২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত ১৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।