রাহুল গান্ধীর বি'রু'দ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মি'থ্যাচা'রে'র অভিযোগ বিজেপির

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৫:৫১:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৫:৫১:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলেছে ক্ষমতাসীন বিজেপি।

 

শুক্রবার (৯ অক্টোবর) রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ নেতাদের বৈঠক নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন রাহুল এমন অভিযোগ করেছে দলটি।

 

বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী শনিবার (১০ অক্টোবর) বলেন, ‘রাহুল গান্ধী নিজের মনগড়া রাজনৈতিক বয়ান তৈরি করার উদ্দেশ্যে সত্যকে বিকৃত করেছেন। এর আগেও তিনি সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের বক্তব্য নিজের সুবিধামতো ভুলভাবে ব্যাখ্যা করেছেন। এবার তিনি দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান রাষ্ট্রপতিকেও নিজের রাজনীতির হাতিয়ার বানাতে সক্রিয় হয়েছেন।’

 

‘বেআইনি এবং স্বেচ্ছাচারী কার্যকলাপে’ অভিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। শুক্রবার রাত ৮টায় সময় দিয়েছিলেন রাষ্ট্রপতি। ‘ইন্ডিয়ার’ প্রতিনিধিদলে রাহুল ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, এমপি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম সাধারণ সম্পাদক এম এ বেবি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, আরজেডির তেজস্বী যাদব ও মনোজ ঝা, এনসিপির (শরদ পওয়ার) সুপ্রিয়া সুলে, দলিত সংগঠন ভিসিকের থোল তিরুমালব্যন এবং সমাজবাদী পার্টির রাজীব রায় ছিলেন।

 

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে রাহুল-মমতারা দাবি করেছিলেন, ভোটচুরির অভিযোগ উড়িয়ে দেননি রাষ্ট্রপতি। বরং মন দিয়ে তাদের কথা শুনেছেন। শুধু তা-ই নয়, অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণও চেয়েছেন রাষ্ট্রপতি।

 

রাহুল বলেন, ‘আমরা স্মারকলিপিতে উল্লেখ করেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার ভারতের গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছেন।’

 

কংগ্রেস নেতার দাবি, রাষ্ট্রপতি তাদের বক্তব্য কখনোই অস্বীকার করেননি। রাহুলের ভাষ্য, ‘আমরা যা বলেছি, সব শুনেছেন রাষ্ট্রপতি। আমাদের বক্তব্যে পাল্টা কোনো যুক্তি দেননি। ভোটচুরির প্রমাণ আমাদের জমা করতে হবে। আমরা সোমবার সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করব। তাকেও স্মারকলিপি দেব।’

 

বিজেপি মুখপাত্র সুধাংশু বলেন, ‘রাহুল মিথ্যাচার করছেন। সব সীমা লঙ্ঘন করেছেন। গত কয়েক দিন ধরে তার নেতৃত্বে বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ করছেন এবং ভিত্তিহীন বিক্ষোভ প্রদর্শন করছেন! রাষ্ট্রপতি বিরোধীদের দাবি মেনে নিয়েছেন, এমন উদ্ভট দাবিও তোলা হচ্ছে।’

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]