নিজস্ব প্রতিবেদক
ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যে আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ। তার সঙ্গে দলটির আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন কেজরিওয়াল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, দিল্লির লোধি এস্টেটে নিজ বাড়ির সামনে থেকে সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে আটক করা হয়েছে।
একটি বাসের ভেতর থেকে ভিডিও শেয়ার করে কেজরিওয়াল জানান, তিনি এবং আম আদমির অন্য নেতারা দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন। বাসে তার সঙ্গে থাকা বিক্ষোভকারীরা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। যন্তর মন্তরে সিইসিবিরোধী বিক্ষোভে যোগ দিতে ‘দিল্লি চলো’ বার্তা দেওয়ার কয়েক মিনিট পরই কেজরিওয়ালকে আটক করা হয়।
এদিকে, বিক্ষোভ দমনে পুলিশের অভিযানের মধ্যে কেজরিওয়ালকে পুলিশ সদস্যরা হেনস্তা করেছেন বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি।
দলটির অভিযোগ, গুজরাটের দায়িত্বপ্রাপ্ত নেতা গোপাল রাই, সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিং ও দুর্গেশ পাঠকসহ শীর্ষ নেতাদেরও আটক করা হয়েছে।
এ নিয়ে সাবেক চার মুখ্যমন্ত্রীকে আটক করা হলো। এর আগে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার ও কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।