তুলির আঁচড়ে ফুটে উঠেছে দেবীর রূপ, শেষ মুহূর্তে ব্যস্ত কাউখালীর প্রতিমা শিল্পীরা

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৪:২২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৪:২৪:০৩ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:


পিরোজপুরের কাউখালীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে। এ বছর উপজেলার ২৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমায় রঙ-তুলির শেষ আঁচড় দেওয়ার পাশাপাশি মণ্ডপের সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি চলছে। দুর্গোৎসবকে ঘিরে উপজেলার পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ঢাকের বাদ্য, কাঁসার ধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠতে প্রস্তুত প্রতিটি মণ্ডপ। পূজাকে আনন্দমুখর ও


নির্বিঘ্ন করতে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজামণ্ডপগুলোর উন্নয়ন ও উৎসব উদযাপনের সুবিধার্থে উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। অধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা এবং জোরদার নজরদারির ব্যবস্থা নেওয়া হবে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর এবং সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ জানান, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও উপজেলার প্রতিটি পূজামণ্ডপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক সহযোগিতা করবেন।


কাউখালী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দুলাল শীল ধলু, সদস্যসচিব পল্লব সিকদার এবং মদনমোহন জিউর আখড়াবাড়ির সাংগঠনিক সম্পাদক মাস্টার বাদল হালদার জানান, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেবী দুর্গার বোধন ও পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা উদযাপিত হবে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহত্তম ধর্মীয় উৎসব। উৎসবকে ঘিরে পূজারী ও ভক্তদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো প্রস্তুতি নিচ্ছে। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর। তারিখ,১০/১০/২০২৬

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]