ছাত্রদল যত বেগবান হবে, বিএনপির রাজনীতি তত উর্বর হবে : আবদুস সালাম

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ১১:৫৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১১:৫৭:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক



ছাত্রদল যত বেশি বেগবান হবে, বিএনপির রাজনীতি ততটাই উর্বর হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম।


তিনি বলেন, ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির সাপ্লাই লাইন। তাই এই সংগঠন থেকেই মেধা ও যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব তৈরি করতে হবে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কমল কুঁড়ি ও জিয়া স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবদুস সালাম বলেন, ছাত্রদলকে মেধা, জ্ঞান, দেশপ্রেম ও সাংগঠনিক দক্ষতায় পুরোপুরি সমৃদ্ধ করে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে। রাজনীতিতে সফল হতে মেধার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, নিজেদের ছোট করে দেখার কারণ নেই। অতীতে এ সংগঠন থেকে উঠে এসে অনেকে বিএনপির স্থায়ী কমিটি, মন্ত্রিপরিষদ ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। আগামী দিনেও ছাত্রদলের এই নেতাকর্মীদেরই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে। ছাত্রদলের নেতা-কর্মীদের সাহিত্যচর্চা ও বই পড়ার অভ্যাস


বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সুস্থ রাজনীতির অনুশীলনের মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেমের জন্ম হয় এবং সেই দেশপ্রেম থেকেই পরবর্তীতে মানবপ্রেমের বিকাশ ঘটে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে


আবদুস সালাম বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে জিয়াউর রহমানের দৃঢ় ও আপসহীন অবস্থানের কারণেই তিনি আজ মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]