শাহজালাল বিমানবন্দরে ট্রলি সংকট কমাতে ৭ উদ্যোগ, যুক্ত হলো ২০০ নতুন ট্রলি

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ১২:২৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১২:২৬:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ট্রলি সংকট ও ভোগান্তি কমাতে ৭টি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ট্রলি সংকট নিয়ে যাত্রীদের অভিযোগের পর বিমানবন্দর কর্তৃপক্ষ এসব পদক্ষেপ নিয়েছে।

 

নতুন উদ্যোগের আওতায় ঢাকার বাইরের বিভিন্ন বিমানবন্দর থেকে ২০০টি ট্রলি এনে শাহজালাল বিমানবন্দরের বহরে যুক্ত করা হয়েছে। পাশাপাশি নষ্ট হয়ে পড়ে থাকা ৫০টির বেশি ট্রলি মেরামত করে আবার চালু করা হয়েছে।

 

ফ্লাইটের সময়সূচি ও যাত্রী চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যস্ত সময়ের আগেই নির্দিষ্ট স্থানে সর্বোচ্চসংখ্যক ট্রলি রাখা হচ্ছে। রাতে রানওয়ের রক্ষণাবেক্ষণের কারণে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় সকালে যাত্রী চাপ বেড়ে যায়। এ কারণে সকালবেলার শিফটে ট্রলি সেবা বাড়ানো হয়েছে।

 

ট্রলি কর্মীদের দায়িত্ব পালনে নজরদারিও জোরদার করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের রোস্টার অনুযায়ী কাজ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। একই সঙ্গে ট্রলির অপব্যবহার ঠেকাতে জিরো টলারেন্স নীতি চালু করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হচ্ছে। ট্রলি ব্যবস্থাপনায় সার্বক্ষণিক সমন্বয়ের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও চালু করা হয়েছে। কোথাও ট্রলির সংকট দেখা দিলে দ্রুত তা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এদিকে দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হিসেবে নতুন ট্রলি কেনার প্রক্রিয়াও চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা উন্নত করাই তাদের প্রধান অগ্রাধিকার। নতুন উদ্যোগ নেওয়ার পর বিমানবন্দরে ট্রলি সেবায় কিছুটা উন্নতি হয়েছে বলেও যাত্রীরা জানিয়েছেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]