শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ১২:২১:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১২:২৩:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক



শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, কেবল প্রাতিষ্ঠানিক সনদ বা ডিগ্রি দিয়ে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে তরুণদের বাস্তবমুখী, প্রযুক্তিগত ও ভাষাগত দক্ষতায় দক্ষ হয়ে ওঠার তাগিদ দিয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত ২য় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



টেসলবিডি ও ইউল্যাব যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে তরুণ সমাজকে দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা আবশ্যক। বিশ্বায়ন ও আধুনিক কর্মক্ষেত্রে টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনে জোর দিতে হবে। দেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় ইংরেজি শেখার সীমাবদ্ধতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ইংরেজি শিক্ষা ও চর্চায় এখনও বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। শ্রেণিকক্ষে মুখস্থনির্ভর পড়াশোনার বদলে ভাষার ব্যবহারিক প্রয়োগ ও যোগাযোগের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে শিক্ষকদেরও ভাষাগত দক্ষতা বাড়াতে হবে। আন্তর্জাতিক গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং পেশাগত তথ্যের বড় একটি অংশ ইংরেজিতে প্রকাশিত হয় উল্লেখ করে ববি হাজ্জাজ আরও বলেন, কেবল ভাষাগত দুর্বলতার কারণে অনেক সময় মেধাবী শিক্ষার্থীরাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরতে পারেন না। তবে ইংরেজির চর্চার পাশাপাশি নিজ ভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করা প্রয়োজন। তরুণদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে উৎপাদনশীল খাতে যুক্ত করার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় রূপান্তর করা গেলে তারা জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হবে। তরুণদের জন্য সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয় এবং উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার তাগিদও দেন তিনি।


ইউল্যাবের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাইজেল কিলিক এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]