কন্ডিশনের অজুহাত দিতে চান না শান্ত

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৯:১৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৯:১৮:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক



আবুধাবির প্রচন্ড গরমে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, কন্ডিশন ও উইকেট নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে ছোটবেলা থেকেই আমরা সবাই চেয়েছি টেস্ট ক্রিকেট খেলতে। ক্রিকেটারদের জিজ্ঞেস করলেও এই জবাবই পাবেন, সবাই টেস্ট ক্রিকেট খেলতে চেয়েছে। টেস্ট ক্রিকেট সবার জন্যই বিশেষ কিছু। যদি বেশি বেশি ম্যাচ খেলতে


পারি, সব প্রতিপক্ষের সঙ্গে, ব্যাপারটা ভালো হবে। সীমিত ওভারের ম্যাচও আছে। তবে সবাই টেস্ট খেলতেই বেশি ভালোবাসে। আমি সীমিত ওভারের চেয়ে টেস্ট ক্রিকেট খেলতেই বেশি পছন্দ করব।’ তরুণ ক্রিকেটারদেরও তিন সংস্করণেই নিজেদের দক্ষতা দেখানো প্রয়োজন বলে মনে করেন শান্ত। তার ভাষায়, ‘টেস্ট ক্রিকেট বিশেষ কিছু। তরুণরাও চায় টেস্ট খেলতে। বিশ্ব ক্রিকেট যেভাবে এগোচ্ছে, সীমিত ওভারের ক্রিকেটও খেলতে চায়। তরুণরা আসলে তিন ফরম্যাটই খেলতে চায়, যদিও টি-টোয়েন্টি বেশি খেলতে চায়। এটা ভিন্ন ব্যাপার।


তবে টেস্ট ক্রিকেট বা প্রথম শ্রেণির ক্রিকেট আসলে সবাই খেলতে আগ্রহী থাকে। বর্তমান সময়ে এসে সব ফরম্যাটের জন্যই স্কিল রাখতে হবে।’ আবুধাবির গরম কন্ডিশন নিয়ে অবশ্য কোনো অজুহাত দিতে চান না শান্ত। অসুস্থতা কাটিয়ে এখন পুরোপুরি সুস্থ বলেও জানিয়েছেন তিনি, ‘কন্ডিশন একটু গরম। এটা থাকবেই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এগুলোকে কোনোভাবেই অজুহাত হিসেবে দেখতে চাই না। প্লেয়াররাও এসব নিয়ে অত ভাবছে না। আমার রিকোভারি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছি। দুই দিন অনুশীলন করেছি, এখন ভালো লাগছে।’ উইকেট নিয়ে শান্তর ধারণা, সেখানে ব্যাটিংয়ের জন্য ভালো পরিবেশ পাওয়া যেতে পারে।

তিনি বলেন, ‘উইকেট গতকাল একটু দেখা হয়েছে, আজকে আবার দেখব। দেখে ভালো মনে হয়েছে। হয়তো একটু স্লো থাকতে পারে। আশা করি ব্যাটিংয়ের জন্য ভালো হবে। তো আশা করছি, খুব ভালো একটা টেস্ট ম্যাচই হবে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]