জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ১৫ অক্টোবর, ন্যূনতম ফি ৫ হাজার

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৮:৩২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৮:৩২:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলবে। সমাবর্তনে স্নাতক (সম্মান) পর্যায়ের নিবন্ধন ফি ৫ হাজার টাকা ও মূল সনদ ফি ৫০০ টাকা এবং স্নাতকোত্তর পর্যায়ের নিবন্ধন ফি ৬ হাজার টাকা ও মূল সনদ ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান)/বিবিএ/সমমান এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর/এমবিএ/সমমান এবং এমফিল, পিএইচডি ও প্রফেশনাল/সান্ধ্যকালীন প্রোগ্রামের যেসব শিক্ষার্থী/গবেষক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন, তারা দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে পারবেন। যোগ্য ডিগ্রিধারীদের আগামী ১৫ অক্টোবর দুপুর ১২টা থেকে ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাবর্তনে অংশগ্রহণের জন্য স্নাতক (সম্মান)/বিবিএ/সমমান পর্যায়ের নিবন্ধন ফি ৫ হাজার টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকা। স্নাতকোত্তর/এমবিএ/সমমান পর্যায়ের নিবন্ধন ফি ৬ হাজার টাকা ও মূল সনদ ফি ৫০০ টাকা। এমফিল ও পিএইচডি পর্যায়ের নিবন্ধন ফি ৬ হাজার ৫০০ টাকা এবং মূল সনদ ফি ১ হাজার টাকা। এ ছাড়া, স্নাতকোত্তর (প্রফেশনাল/সান্ধ্যকালীন) পর্যায়ের নিবন্ধন ফি ৬ হাজার টাকা ও মূল সনদ ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষেত্র বিশেষে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সভাপতিত্বে ২০২৭ সালের ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

 

সমাবর্তনে অংশগ্রহণের জন্য যোগ্য ডিগ্রিধারীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]