পিপিকে পলকের হু'ম'কি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০২:৫২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০২:৫৪:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির করার সময় পেছনে হাতকড়া পরানো এবং লিফট চালু থাকা সত্ত্বেও সিঁড়ি দিয়ে আদালতের ৬ষ্ঠ তলায় ওঠানোয় ক্ষোভ প্রকাশ করে পিপিকে হুমকি দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি পাবলিক প্রসিকিউটরকে


বলেন, ‘পিপি সাহেবের বোঝা উচিত, তার সেই স্থান থেকে আমার এই স্থান বেশি দূরে নয়।’ বৃহস্পতিবার দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলমের আদালতে এসব কথা বলেন তিনি। আদালতে পলক বলেন, ‘হাতকড়া পেছনে দিয়ে আমাকে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।’ পরে আদালত থেকে নামার সময়ও তিনি প্রশ্ন তোলেন, ‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’ পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, ‘পলককে আদালতে আনার সময় লিফট চালু থাকা সত্ত্বেও তাকে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আমরা দেখেছি ২টি লিফটের মধ্যে একটি লিফট চালু, তবুও তাদের হেঁটে নামানো হয়েছে।


তাদের হাতে জংধরা হ্যান্ডকাফ এবং বুলেটপ্রুফ যে জ্যাকেট, তা খুবই নোংরা; ফলে তারা অসুস্থ হয়ে যেতে পারেন। তাদের এই বিষয়গুলো বিবেচনা করা উচিত।’ সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই মামলায় সাজ্জাদ হোসেন এবং নাইমুল হাসান রাসেল নামে দুই আসামির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় তাদের উপস্থিত করতে পারেনি কারা কর্তৃপক্ষ। তাই বিচারক পরবর্তী তারিখ নির্ধারণ করেন।’ আদালত সূত্র জানা গেছে, এদিন কারাগারে থাকা ৮ জনকে আদালতে হাজির করা হয়। এ মামলায় ৩৪ জন আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক রয়েছেন। বাকি ২৪ জন শুরু থেকেই পলাতক রয়েছেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।


মামলার অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি, ও নাইমুল হাসান রাসেল। আসামিদের মধ্যে পলক, সাদেক, ফুরকান ও শাহজাহান কারাগারে আটক রয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]