স্বেচ্ছাসেবক দলের ব'হি'ষ্কৃ'ত নেতা বগাকে ধরতে অভিযান, ২৪ ঘণ্টার মধ্যেই বদলি ওসি

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১২:০১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১২:০১:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তারে নগর ভবনে অভিযান চালানোর ২৪ ঘণ্টা না পেরোতেই খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে বদলি করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত আদেশে তাকে চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়।

 

একই আদেশে আকবরশাহ ও খুলশী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি এবং আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে খুলশী থানার ওসি করা হয়েছে। জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি বগা। তাকে গ্রেপ্তারে এর আগে খুলশী এলাকায় অভিযান চালানোর সময় তার অনুসারীরা সড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা ও একটি গাড়ি ভাঙচুর করেন বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনায় করা মামলাতেও বগাকে প্রধান আসামি করা হয়েছে।

 

পুলিশ জানায়, চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে বগার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে পুলিশের তৎপরতা নিয়ে খুলশী থানা এলাকায় আগেও আলোচনা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর রাতে খুলশীর ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় হৃদয় নামের এক কিশোর ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় আট কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, দুই কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে এবং বগা ও রকিবুল ইসলাম ওরফে পিচ্চির বিরুদ্ধে সেভেন স্টার গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে।

 

এদিকে গত ১৩ সেপ্টেম্বর বগার বাবা মো. জাবেদ ঘর ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে ওসি আবদুর রহিমসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। খুলশী থানায় দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস ১০ দিনের মধ্যেই বগাকে ঘিরে একাধিক ঘটনায় ওসির তৎপরতা আলোচনায় আসে।

 

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী ওসি আবদুর রহিমের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বগাকে গ্রেপ্তারে অভিযানের সঙ্গে ওসির বদলির সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, আদেশে তা উল্লেখ করা হয়নি।

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]