কালকিনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৪:১২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৪:১৫:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তার সিদ্ধান্ত আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ ভাবগাম্ভীর্য, ধর্মীয় মর্যাদা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাসের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অগ্নিনিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খোকন জমাদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কালকিনি ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামা প্রসাদ মিন্টু পালসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পূজামণ্ডপে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়। এ সময় পূজা চলাকালে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, মণ্ডপ এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


উপজেলা প্রশাসন জানিয়েছে, সকলের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে কালকিনিতে একটি সৌহার্দ্যপূর্ণ, আনন্দময় ও শান্তিপূর্ণ শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]