নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে চলতি বছর হামের সংক্রমণ কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এ বছর হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে প্রায় ৩ হাজার ৯০০ জন।
সোমবার (৫ অক্টোবর) পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, অঙ্গরাজ্যটিতে চলমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত ১ হাজার ৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৯৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং পাঁচজনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, ১৯৯১ সালের পর চলতি বছরই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি হামের সংক্রমণ দেখা যাচ্ছে। গত দুই বছরে দেশটিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আটজনের মৃত্যু হয়েছে, যা এর আগের তিন দশকে রিপোর্ট হওয়া মোট মৃত্যুর চেয়েও বেশি।
পেনসিলভানিয়ার বর্তমান প্রাদুর্ভাব শুরু হয় গত এপ্রিল মাসে ফিলাডেলফিয়ার পশ্চিমাঞ্চলে। এর আগে দক্ষিণ ক্যারোলিনায় ৯৯৭টি আক্রান্তের ঘটনা নিয়ে সবচেয়ে বড় প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। টেক্সাস ও ইউটাহসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যেও বড় ধরনের সংক্রমণ ছড়িয়েছে।
এদিকে প্রতিবেশী অঙ্গরাজ্য ও নিউইয়র্কের গ্রামীণ এলাকায় হামের সংক্রমণ বাড়ায় সোমবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউইয়র্কের গভর্নর। এর আওতায় হাম প্রতিরোধে টিকা দেওয়ার জন্য প্যারামেডিক, মিডওয়াইফসহ আরও কিছু স্বাস্থ্যকর্মীকে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের পাশাপাশি নার্সদেরও হাম শনাক্তকরণ পরীক্ষার নির্দেশ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। চলতি বছর নিউইয়র্কে ১০০টির বেশি হাম আক্রান্তের ঘটনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা গ্রহণের হার কমে যাওয়াই এসব প্রাদুর্ভাবের অন্যতম প্রধান কারণ। যুক্তরাষ্ট্রে ২০০০ সালে উচ্চ টিকাদান হারের মাধ্যমে দেশটির অভ্যন্তরে হামের সংক্রমণ নির্মূল করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকা গ্রহণের হার কমে প্রয়োজনীয় ৯৫ শতাংশের নিচে নেমে যাওয়ায় আবারও সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
১৯৯০-এর দশকের শুরুর দিকে নিউইয়র্ক সিটিতে বহু বছর ধরে চলা একটি প্রাদুর্ভাবে ৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ আক্রান্ত হওয়ার পর এই প্রথম কোনো মার্কিন অঙ্গরাজ্যে হামের আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়াল।