​ফাইল হাতে নিয়ে রাতে এসিলেন্ডের বাসায় গেলেন নাইটগার্ড

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৮:১৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৮:১৬:৩২ অপরাহ্ন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বাসায় রাতে নামজারির ফাইল নিয়ে যাওয়ার ঘটনায় তাঁর বক্তব্যে অসংগতি দেখা দিয়েছে। ভূমি অফিসের এক নাইটগার্ড সাংবাদিকদের জানিয়েছেন, তিনি নামজারির ফাইল আনতে গিয়েছিলেন। তবে সহকারী কমিশনার (ভূমি) প্রথমে বলেন, ওই কর্মচারী তাঁর বাসায় বাজার দিতে গিয়েছিলেন। পরে নাইটগার্ডের বক্তব্য জানানো হলে তিনি বলেন, ক্যান্সারে আক্রান্ত এক রোগীর ফাইল মানবিক কারণে সই করানোর জন্য নেওয়া হয়েছিল।

একই ঘটনা নিয়ে দুই ধরনের ব্যাখ্যায় প্রশ্ন উঠেছে সরকারি নথি ব্যবস্থাপনা ও দাপ্তরিক স্বচ্ছতা নিয়ে। সংশ্লিষ্ট নামজারির ফাইল অনলাইনে থাকা সত্ত্বেও রাতে সেটি বাসায় নেওয়ার প্রয়োজন কেন হয়েছিল, তা নিয়ে প্রশ্ন ওঠেছে।

ভূমি অফিসের নাইটগার্ডের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। নামজারি-সংক্রান্ত কাজে মিউটেশন সহকারী পদে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী থাকার পরও কেন নাইটগার্ডকে ফাইল আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হলো, তা নিয়েও প্রশ্ন রয়েছে। রাতে তাঁর অনুপস্থিতিতে অফিসের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হয়েছিল, সেটিও স্পষ্ট নয়।

অন্যদিকে, নাইটগার্ডের বাজার দিতে যাওয়ার ব্যাখ্যা সত্য হলে সরকারি কর্মচারীকে ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টিও সামনে আসে। ঘটনাটির প্রকৃত কারণ, ফাইল পরিবহনের অনুমোদন এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]