খুবি প্রতিনিধিঃ
তরুণদের উদ্ভাবনী চিন্তা বাস্তবায়ন এবং ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা ‘আইডিয়া টু ইমপ্যাক্ট: কে.এ.ইউ চ্যাপ্টার’। বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড ও কেএইউ ক্লাবের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। আয়োজনজুড়ে অংশগ্রহণকারীদের নতুন ধারণা উদ্ভাবন, সমস্যার মূল কারণ নির্ণয়, আইডিয়ার গ্রহণযোগ্যতা যাচাই এবং সেগুলোকে কার্যকর প্রকল্পে রূপ দেওয়ার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। কর্মশালার বিভিন্ন সেশনে উদ্ভাবনী চিন্তার বিকাশ, সমস্যা সমাধানে সৃজনশীল দৃষ্টিভঙ্গি এবং উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সামাজিক ও কৃষিভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অংশগ্রহণকারীরা দলগতভাবে কাজ করে নির্ধারিত সমস্যার সমাধান উপস্থাপন করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে তাৎক্ষণিক মূল্যায়ন ও মতামত লাভ করেন। ইন্টারেক্টিভ আলোচনা, ব্যবহারিক অনুশীলন এবং দলভিত্তিক কার্যক্রমের সমন্বয়ে আয়োজিত এ কর্মশালা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।