২০২৭ সালে ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৬:৫৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৬:৫৫:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালে দেশের ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীর মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

 

বৃহস্পতিবার খুলনার পাইকগাছা উপজেলায় পাইলট প্রকল্পের আওতাধীন ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কর্মশালা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নগরীর সোনাডাঙ্গার দ্য গ্র্যান্ড খুলনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

প্রতিমন্ত্রী বলেন, পাইলট প্রকল্পের শুরুতে খাবার সরবরাহ ও মান নিয়ে কিছু সমস্যা থাকলেও বর্তমানে তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী পচা বা নিম্নমানের খাবার সরবরাহ হলে ২৪ ঘণ্টার মধ্যে তা পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার ফলের ভিত্তিতে সংশ্লিষ্ট সরবরাহকারীর টেন্ডার বা সরবরাহ আদেশ বাতিল করা হবে। গত দুই থেকে আড়াই মাসে ভুলের হার প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে।

 

শিক্ষক সংকট প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, সাড়ে ১৪ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। ডিসেম্বরের মধ্যে তাঁদের শ্রেণিকক্ষে যোগদানের লক্ষ্য রয়েছে। পাশাপাশি আরও প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে অধিকাংশ শূন্যপদ পূরণের লক্ষ্য রয়েছে।

 

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, শিক্ষক নীতিমালা, কারিকুলাম ও অবকাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সুফল পেতে সময় লাগবে। শিক্ষকদের প্রশিক্ষণে বিষয়জ্ঞান ছাড়াও শিক্ষার্থীদের কাছে তা কার্যকরভাবে উপস্থাপনের কৌশল গুরুত্ব পাবে। বেসরকারি ও কিন্ডারগার্টেনের শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে।

 

বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি ও পাঠদান পর্যবেক্ষণে স্কুলভিত্তিক ইআরপি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া নতুন শিক্ষক নীতিমালায় আলাদা পে-স্কেল নিয়ে কাজ চলছে এবং দুর্গম উপকূলীয় এলাকার শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন) মো. মতিয়ার রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মো. আবুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মো. মাসুদ হোসেন প্রমুখ।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com