বাকেরগঞ্জে সড়কে মৃ'ত্যু ফাঁ'দ, চ'র'ম জ'ন'দু'র্ভো'গ

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৩:৫১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৩:৫১:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের চরামদ্দি বাজার টু কাটাদিয়া বাজারের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন অংশে পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কোথাও কোথাও সড়কের নিচের মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

 

স্থানীয়রা জানান, চরামদ্দি ও কাটাদিয়া এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত একটি অংশে সড়কের একাংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

 

সূত্রে জানা যায়, কাটাদিয়া বাজার একটি সরকারি হাট। ফলে সড়কটি দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। সড়কের বেহাল অবস্থার কারণে তাদের ভোগান্তি দিন দিন বাড়ছে।

 

এদিকে, চরামদ্দি ইউনিয়নের কাটাদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে নদীভাঙনের সমস্যাও রয়েছে। রাঙামাটি নদীর ভাঙনে অতীতে রাস্তা, বাজার ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাম্প্রতিক নথিতে কাটাদিয়া বাজার ও আশপাশের এলাকায় রাঙামাটি নদীর ভাঙন প্রতিরোধে অর্থ বরাদ্দের আবেদন থাকার তথ্যও পাওয়া গেছে। 

 

স্থানীয়দের অভিযোগ, নদীভাঙনের কারণে সড়কের কোনো কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে শুধু সড়ক সংস্কার করলেই স্থায়ী সমাধান হবে না। নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো টেকসইভাবে সংস্কার করা জরুরি।

 

এলাকাবাসী দ্রুত সড়কটি সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ আরও বড় হয়ে চরামদ্দি ও কাটাদিয়া এলাকার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

 

উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ জানান, সরেজমিনে তদন্ত করে রাস্তা মেরামত ও সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com