বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। সম্প্রতি ইউজিসির পক্ষ থেকে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসানের মেয়াদ শেষ হওয়ার পর শূন্য হওয়া পদে ড. আসাদুজ্জামান সরকারকে মনোনীত করা হয়। দেশের উচ্চশিক্ষা খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার গুরুত্বপূর্ণ এ দায়িত্বে তাঁর অন্তর্ভুক্তিকে শিক্ষা সংশ্লিষ্টরা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই ইউজিসির খণ্ডকালীন সদস্য হিসেবে তাঁর মনোনয়ন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
ইউজিসির সাংগঠনিক কাঠামো অনুযায়ী, কমিশনে একজন চেয়ারম্যান, পাঁচজন পূর্ণকালীন সদস্য এবং নয়জন খণ্ডকালীন সদস্য দায়িত্ব পালন করেন। খণ্ডকালীন সদস্যদের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্য থেকে তিনজন, অধ্যাপক ও ডিনদের মধ্য থেকে তিনজন এবং সরকার মনোনীত তিনজন সদস্য অন্তর্ভুক্ত থাকেন। বর্তমানে ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মামুন আহমেদ।
ড. আসাদুজ্জামান সরকারের এ মনোনয়নে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে কৃষিভিত্তিক উচ্চশিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।