২৫ সেকেন্ডে ১২ গু'লি, জিম থেকে বের হতেই শে'ষ গায়কের জীবন

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:২২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:২২:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর গুলিতে নিহত হয়েছেন হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। এ হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে চার অস্ত্রধারীকে অঙ্কিতকে অনুসরণ করে হামলা চালাতে দেখা যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫ সেকেন্ড ধরে চলে গুলির ঘটনা।

 

৩৫ বছর বয়সী অঙ্কিত বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শামলির একটি জিম থেকে বের হন। তার হাতে ছিল কিট ব্যাগ। জিম থেকে বেরিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় চার ব্যক্তি তাকে অনুসরণ করতে শুরু করেন। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

 

গাড়ির কাছে পৌঁছানোর আগেই অঙ্কিতকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু হয়। পরপর গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও দোকানিরা নিরাপদ আশ্রয়ে চলে যান। কেউ কেউ দোকানের ভেতর থেকে পরিস্থিতি দেখার চেষ্টা করলেও গুলির শব্দ অব্যাহত থাকায় দ্রুত আড়ালে চলে যান।

 

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় ১২টি গুলি ছোড়া হয়েছে। আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা কয়েকটি গুলি আকাশের দিকেও ছোড়ে। তাদের ব্যবহৃত অস্ত্রের মধ্যে .৩০ ও .৩২ ক্যালিবারের পিস্তল ছিল বলে জানিয়েছে পুলিশ।

 

গুলিবিদ্ধ অঙ্কিতকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষ হলে তার শরীরে কতটি গুলি লেগেছিল এবং আঘাতের বিস্তারিত ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

ঘটনাস্থলটি হরিয়ানা সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। হামলাকারীরা হরিয়ানা থেকে এসে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

গানের ভিডিওতেও সহিংসতার উপস্থিতি
শামলির বান্টি খেদা গ্রামের বাসিন্দা অঙ্কিত বালিয়ান হরিয়ানভি গানের পরিচিত শিল্পী ছিলেন। ইউটিউবেও তার উল্লেখযোগ্য জনপ্রিয়তা ছিল। তার চ্যানেলে ৩ লাখ ৬৮ হাজারের বেশি গ্রাহক রয়েছে।

অঙ্কিতের বেশ কিছু গানের ভিডিওতে বন্দুক, সংঘর্ষ এবং দামি এসইউভির উপস্থিতি দেখা গেছে। তার গানের কথাতেও প্রতিপক্ষ, শত্রুতা, ক্ষমতা প্রদর্শন ও সহিংসতার মতো বিষয় উঠে এসেছে। তার কয়েকটি গান ইউটিউবে লাখ লাখবার দেখা হয়েছে।

তার আলোচিত গানগুলোর একটি ‘ভারি কোর্ট ম্যায় গোলি মারেঙ্গে মেরি জান’। গানটির অর্থ দাঁড়ায়—‘আদালতের মধ্যেই তোমাকে গুলি করব, প্রিয়’।

তবে তার মৃত্যুর সঙ্গে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে মৃত্যুর কয়েক ঘণ্টা আগের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট।

 

মৃত্যুর দুই ঘণ্টা আগে ‘হত্যা’ নিয়ে গান
মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন অঙ্কিত। ভিডিওতে তাকে গাড়িতে বসে হরিয়ানভি গান পরিবেশন করতে দেখা যায়। সেখানে একটি লাইন ছিল—‘মার্ডার মার দে সড়ক কে ওপর’, যার অর্থ ‘রাস্তায় হত্যা করো’।

এর কয়েক ঘণ্টার মধ্যেই সড়কে হামলার শিকার হয়ে প্রাণ হারান তিনি। এ কারণে তার শেষ পোস্টটি এখন অনেকের কাছে এক ভয়াবহ কাকতালীয় ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে।

 

হত্যার দায় স্বীকারের দাবি গোগি গ্যাংয়ের
অঙ্কিত হত্যার দায় কুখ্যাত গোগি গ্যাং স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে গ্যাংটির পক্ষ থেকে বলা হয়, অঙ্কিত তাদের প্রতিদ্বন্দ্বী একটি পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতেন। এমনকি গ্যাং-সংশ্লিষ্ট একটি ঘটনা নিয়ে তিনি গান তৈরি করেছিলেন বলেও দাবি করা হয়েছে।

গ্যাং-সংশ্লিষ্ট হিসেবে পরিচিত ভোলু শাহপুরিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও একটি হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘এটা কেবল শুরু, সবার পালা আসবে।’

ওই পোস্টে উত্তর প্রদেশ পুলিশকেও হুমকি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে গ্যাংটির এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

 

চার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা
অঙ্কিতের বাবার অভিযোগের ভিত্তিতে চার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে।

পুলিশের হাতে থাকা সিসিটিভি ফুটেজে হামলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধরা পড়েছে। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি তারা কোথা থেকে এসেছিল এবং হামলার পর কোন পথে পালিয়েছে, সে বিষয়েও তদন্ত চলছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com