নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের টাওয়ারের চূড়ায় প্রায় চার ঘণ্টা ধরে বসে থাকা এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যুবকের নাম তানভীর (২৫)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক-দুই মাস আগে পরিবারের সঙ্গে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে এসেছিলেন তানভীর। সেখানে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর পরিবার তাকে না পেয়ে নিজ এলাকায় ফিরে যায়। বর্তমানে তাকে ভূজপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. কামাল উদ্দীন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল ঘটনাস্থলে যায় এবং দীর্ঘ চেষ্টার পর তাকে নিরাপদে উদ্ধার করি। এত উচ্চ ভোল্টেজের একটি বৈদ্যুতিক খুঁটিতে সে কীভাবে এবং কেন উঠল, তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে তার আচরণ ও শারীরিক অবস্থা দেখে মানসিকভাবে ভারসাম্যহীন বলেই মনে হয়েছে। উদ্ধারকাজের পরপরই তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, উদ্ধার হওয়া যুবককে বর্তমানে আমাদের হেফাজতে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্ত ও পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের সন্ধান পেলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।