নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন জেলে আহত হয়েছেন। আহত তিনজনের কানে কম শোনার সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনেরা।
বুধবার ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দিনানাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী।
স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা জানায়, তারা চারজন একটি নৌকায় করে মহিষাসুরা হাওরে বুধবার ভোররাতে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতে অপর তিনজন আহত হন এবং তীব্র শব্দে তাদের কানে কম শোনার সমস্যা দেখা দেয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।