নিজস্ব প্রতিবেদক
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ গরান কাঠবোঝাই একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী ফরেস্ট টহল ফাঁড়ির সদস্যরা শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলবর্তী মইজদ্দির মোড় থেকে নৌকাটি জব্দ করেন।
টেংরাখালী ফরেস্ট টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, অভিযানের সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি নৌকা দেখতে পেয়ে সেটি জব্দ করা হয়। নৌকাটিতে সুন্দরবনের গহিন থেকে অবৈধভাবে কেটে আনা বিপুল পরিমাণ গরান কাঠ বোঝাই করা ছিল।
পরে বনকর্মীরা কাঠবোঝাই নৌকাটি উদ্ধার করে টেংরাখালী ফরেস্ট টহল ফাঁড়ির কার্যালয়ে নিয়ে আসেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ করা কাঠ ও নৌকার বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হবে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।