মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি ওষুধের দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে হামিদুর মেডিকেল স্টোরকে ১৫ হাজার টাকা এবং সাদ মেডিকেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠান দুটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা এবং প্রচলিত ওষুধ আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। এসব ওষুধ ব্যবহারে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের মেয়াদ, সংরক্ষণ ও বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ সম্পর্কে ভোক্তাদেরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।