চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেনচালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর ইপিজেড এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরিশাট এলাকার বাসিন্দা
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান।
তিনি জানান, গত ২২ আগস্ট সকালে ভাড়া বাসা থেকে পাঠাও মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিলেন নাফিসা। সকাল ৯টার দিকে বন্দরটিলা নেভি হাসপাতাল গেটের সামনে একটি ভ্যান গাড়িকে সাইড দেওয়ার সময় পাঠাও মোটরসাইকেল থেকে নাফিসা রাস্তায় পড়ে যান। ঠিক একই সময়ে এক লেন দিয়ে এয়ারপোর্ট রোড হয়ে সল্টগোলা ক্রসিংগামী ক্রেনের চালক শামীম বিশ্বাস দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গিয়ে রাস্তায় পড়ে থাকা নাফিসাকে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে উপস্থিত লোকজন নাফিসাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মামুন (৪৬) বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন। নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।