সাং'বা'দি'ক শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দু'দ'ক

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৭:৪০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৭:৪০:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার জানিয়েছেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্র জানায়, এই দম্পতি বিভিন্ন মামলায় এখন কারাগারে থাকায় তাদের বাসার ঠিকানায় নোটিশ পৌঁছানো যায়নি। এ কারণে সংশ্লিষ্ট কারাগারের জেল সুপারের মাধ্যমে আদেশ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।


দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারার ক্ষমতাবলে তাদের সম্পদ বিবরণী দিতে বলা হয়েছে। দুদকের আদেশে শাকিলকে নিজের, স্ত্রীর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের তথ্য দিতে বলা হয়েছে। অন্যদিকে রুপাকে নিজের, স্বামীর এবং নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের তথ্য দিতে বলা হয়েছে।


আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দিতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দিলে দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, আগের কমিশন শাকিল আহমেদ ও ফারজানা রুপার সম্পদ বিবরণী নেওয়ার অনুমোদন দিয়েছিল। সেই অনুযায়ী তাদের ঠিকানায় নোটিশ পাঠানো হয়। পরে দুদক জানতে পারে, তারা অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এ কারণে এখন সংশ্লিষ্ট জেল সুপারের মাধ্যমে তাদের কাছে সম্পদ বিবরণী দাখিলের আদেশ পাঠানো হচ্ছে।

দুদকের নথি সূত্রে জানা যায়, আদেশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজেদের পাশাপাশি স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিতে হবে। একই সঙ্গে দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ কীভাবে অর্জন করা হয়েছে, তার বিস্তারিতও দিতে বলা হয়েছে।


দুদক জানায়, শাকিল আহমেদ বর্তমানে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আছেন। তার কাছে সম্পদ বিবরণীর আদেশ পৌঁছাতে ওই কারাগারের সিনিয়র জেল সুপারের মাধ্যমে তা জারি করা হবে। ফারজানা রুপা মুন্সিগঞ্জ জেলা কারাগারে থাকায় তার আদেশ পৌঁছানো হবে সেখানকার জেল সুপারের মাধ্যমে। এর আগে দুদকের কনস্টেবল মো. জুয়েল মিয়া তাদের ঠিকানায় গিয়ে কাউকে না পেয়ে আদেশপত্র ও সম্পদ বিবরণীর মূল ফরম ফেরত দেন বলে নথিতে উল্লেখ রয়েছে। পরে দুদক জানতে পারে, শাকিল ও রুপা আলাদা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এরপর কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাদের কাছে আদেশ পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়।


শাকিল আহমেদের উদ্দেশে দেওয়া দুদকের আদেশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের ‘স্থির বিশ্বাস’ হয়েছে যে তিনি জ্ঞাত আয়ের বাইরে নিজের নামে বা বেনামে ‘বিপুল পরিমাণ সম্পদ বা সম্পত্তির’ মালিক হয়েছেন। ফারজানা রূপার ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ উল্লেখ করা হয়েছে।


২০২৬ সালের ১১ মে হাই কোর্ট ফারজানা রুপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছিল। তবে প্রত্যেকের আরও একটি মামলায় জামিন না হওয়ায় তখন তারা মুক্তি পাননি। পরে ৭ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতি তাদের ওই জামিনের আদেশ স্থগিত করেন। একই সঙ্গে জামিন প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়। একাত্তর টেলিভিশন ২০২৪ সালের ৮ আগস্ট শাকিল ও রুপাকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছিল।একাত্তর টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রুপাকে ২০২৪ সালের ২১ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা তখন প্যারিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। 


ওই মামলায় পরদিন তাদের চার দিনের রিমান্ডে পাঠায় আদালত। পরে আদাবর থানায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং পাঁচ দিনের রিমান্ড হয়। ২০২৪ সালের ৩১ আগস্ট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com