নিজস্ব প্রতিবেদক
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন রোববার দুপুরে এই কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন ওরফে হীরা মানিক একই গ্রামের আমজাদ হোসেন আকন্দের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেন আকন্দের ছেলে রুবেল মিয়া, ছোলায়মান হোসেন আকন্দের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন ও রামারচর গ্রামের মো. মোন্নাফের ছেলে শাহাদত হোসেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ৬ আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জের সলঙ্গা থানার চর গোজা গ্রামের কৃষক ছানোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরা মানিকের বন্ধুত্ব ছিলো। সেই সুবাদে কৃষক ছানোয়ার হোসেনের নিকট থেকে ২ লাখ ২০ হাজার টাকা হাওলাদ নেয় হীরা মানিক। কৃষক ছানোয়ার হোসেন পাওনা টাকা ফেরতের জন্য হীরা মানিককে চাপ দেয়। এনিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিলো।
২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় কৃষক ছানোয়ার হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় হীরা মানিক। এর পর থেকে সে নিখোঁজ ছিলো। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। ১২ জুলাই সকালে উল্লাপাড়া উপজেলার সূর্য নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। ঘটনাটি ছড়িয়ে পড়লে কৃষক ছানোয়ার হোসেনের পরিবার ঘটনাস্থলে পৌঁছে তার লাশ সনাক্ত করে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে হীরা মানিকের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ৬ জনকে অভিযুক্ত করে ২০২২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগ পত্র দাখিল করে। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্ত ৬ আসামীকে আজ যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।