নিজস্ব প্রতিবেদক
দরিদ্রতা ও আর্থিক সীমাবদ্ধতাকে জয় করে উচ্চশিক্ষার পথে বড় সাফল্য পেয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের তরুণী মেরিন জামান রুহি।
চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) থেকে প্রায় ৭৫ লাখ টাকা (৬০ হাজার মার্কিন ডলার) মূল্যের স্কলারশিপ পেয়েছেন তিনি।
এই স্কলারশিপের আওতায় আগামী চার বছর বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক পড়ার সুযোগ পাবেন রুহি।
তিনি গনেশপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের মেয়ে। পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হলেও মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অর্জন করেছেন তিনি।
রুহির সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। স্বজনরা জানান, সীমিত সামর্থ্যের পরিবার থেকে উঠে এসে রুহির এমন অর্জন তাদের জন্য অত্যন্ত আনন্দের। তার এই সাফল্য এলাকার শিক্ষার্থী ও তরুণদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা।
পরিবারের প্রত্যাশা, রুহি ভবিষ্যতে আরো বড় সাফল্য অর্জন করে দেশ ও নিজের এলাকার জন্য সম্মান বয়ে আনবেন।