কেল্লা শাহ'র মাজারের দানবাক্সে কোটি টাকা,মিলেছে স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৮:০৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৮:০৬:৩২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুরে শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) ওরফে শাহ পীর কেল্লা শাহ'র মাজারের ওরস উপলক্ষে স্থাপন করা চারটি দানবাক্স খুলে পাওয়া গেছে ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা। নগদ অর্থের পাশাপাশি এসব দানবাক্স থেকে স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বিদেশি মুদ্রাও পাওয়া গেছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া দানবাক্সের টাকা গণনার কাজ চলে মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাত পর্যন্ত। সোনালী ব্যাংকের প্রায় ৫০ জন কর্মকর্তা এবং মাজার শরীফ মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী এতে অংশ নেন। গণনা শেষে চারটি দানবাক্সে মোট ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া যায়।

মাজার পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সাত দিনব্যাপী ওরস চলাকালে দেশ-বিদেশ থেকে আসা ভক্ত-আশেকানরা দানবাক্সগুলোতে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ ও রুপার অলংকার এবং বিভিন্ন দেশের মুদ্রা দান করেন। পাওয়া স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা পৃথকভাবে সংরক্ষণ করে এর হিসাব করা হচ্ছে।

এদিকে মাজার প্রাঙ্গণে ভক্তদের দেওয়া বিভিন্ন পশুপাখি ও অন্যান্য সামগ্রীরও হিসাব-নিকাশ চলছে। এসব সামগ্রী বর্তমানে মাজার কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানান, গত ১০ আগস্ট থেকে কেল্লা বাবার মাজারে সাত দিনব্যাপী ওরস শুরু হয়। ১৬ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত চলে ওরসের আনুষ্ঠানিকতা। এ সময় দেশের বিভিন্ন স্থানসহ বিদেশ থেকেও ভক্ত-আশেকানরা মাজারে এসে দান করেন।

মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, চারটি দানবাক্সের টাকা গণনা শেষে ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে। দানবাক্সে পাওয়া স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রার হিসাবও করা হচ্ছে। সবকিছুর হিসাব-নিকাশ শেষ হলে মাজারের সার্বিক আয়-ব্যয়ের তথ্য জানানো হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com