কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে সমাজসেবা অফিস

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ১২:৩২:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ১২:৩৪:১৫ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-



শুক্রবার, ১৪ আগষ্ট ২০২৬ ইং ০৭:০১ পিএম. কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার নিয়োগ পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগ সূত্রে জানা যায়, নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাইয়ের একটি নথিতে একজন প্রার্থীর নামের পাশে প্রথমে ‘সিলেক্ট’ লেখা হলেও পরে সেটি কেটে ‘নো’ লেখা হয়েছে। এছাড়া প্রকাশিত চূড়ান্ত তালিকায় একই ব্যক্তির নাম পরপর দুটি সিরিয়ালে থাকার বিষয়টিও নজরে এসেছে। এদিকে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম রসুল রাজা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যেন অন্তর্ভুক্ত না হন—এমন দাবি জানান। তাঁর অভিযোগ, পরবর্তীতে প্রকাশিত তালিকায় ছাত্রলীগের এক কর্মীর নাম দেখা গেছে।



স্থানীয় সচেতন মহলের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় মেধার পরিবর্তে রাজনৈতিক পরিচয়, প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশ ও আর্থিক লেনদেনের প্রভাব থাকতে পারে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আপনাদের বলা অভিযোগগুলো আমরা লিখে নিয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তীতে আপনাদের জানানো হবে।” এদিকে নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেনের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশাসনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগকারীদের ভাষ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদের চূড়ান্ত তালিকা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি।


এ নিয়ে সাধারণ প্রার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেনের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগগুলো তদন্ত করে সত্যতা উদঘাটন এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com