রাজশাহীতে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১১:৫৯:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ১২:০৬:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক,


রাজশাহী: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কালু মিস্ত্রির মোড় এলাকায় অনার্স পড়ুয়া এক ছাত্রীকে ইভটিজিং, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বোয়ালিয়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।



গত ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে তারা ছাত্রীর ভাড়া বাসার সামনে গিয়ে অশালীন কথাবার্তা, অঙ্গভঙ্গি ও যৌন হয়রানির মাধ্যমে তাকে উত্ত্যক্ত করে। একই সঙ্গে রাজশাহীতে তার পড়াশোনা ও বসবাস বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশেষ অভিযান চালিয়ে কালু মিস্ত্রির মোড় এলাকা থেকে বান্টি হাসান (১৮), মোঃ রিয়াজান (২০) ও মোঃ তাসিন লাবিবকে (১৯) গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ভিডিও প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তিনজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান চলবে বলেও জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া বিভাগের (এডিসি) নাসিত ফরহাদ ও বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মাসুমা মাসতুরি। #

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com