কাউখালীতে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডা-কোচিং বন্ধে কঠোর নির্দেশনা

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৯:৩৯:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০১:৩৫:১৯ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত, নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় রোধে উপজেলায় সূর্যাস্তের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে অবস্থান, আড্ডা এবং কোচিং-প্রাইভেট পড়ানো বন্ধে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, সাধারণ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা পরিচালনা কমিটি এবং প্রাইভেট/কোচিং সেন্টারের পরিচালকদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কিছু সংখ্যক শিক্ষার্থী সূর্যাস্তের পর বাইরে অযথা ঘোরাফেরা ও আড্ডায় সময় কাটাচ্ছে। এতে পড়াশোনায় ব্যাঘাতের পাশাপাশি শিক্ষার্থীদের কিশোর গ্যাং, মাদকাসক্তিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।


জেলা প্রশাসনের পরামর্শের আলোকে কাউখালী উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সূর্যাস্তের পর শিক্ষার্থীরা যাতে অপ্রয়োজনে বাইরে অবস্থান না করে, সে লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দ্রুত শিক্ষক-অভিভাবক সভা আহ্বান করতে হবে। একই সঙ্গে অভিভাবকদের নিজ নিজ সন্তানদের সন্ধ্যার পর বাড়িতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে উদ্বুদ্ধ করতে হবে। এছাড়া কাউখালী উপজেলার সব কোচিং সেন্টার ও প্রাইভেট শিক্ষকদের সূর্যাস্তের আগেই সব পাঠদান বা ব্যাচ শেষ করতে বলা হয়েছে। সূর্যাস্তের পর কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের নিয়ে ব্যাচ বা প্রাইভেট ক্লাস পরিচালনা করা যাবে না। নিয়মিত পাঠদান ও বিভিন্ন পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা পরীক্ষা ও ক্লাস শেষ করে কালক্ষেপণ না করে সরাসরি বাড়িতে ফিরে যাচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্যও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন হাট-বাজার, পার্ক, ঘাট ও দোকানে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা প্রতিরোধে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে নিয়মিত মনিটরিং নিশ্চিত করার কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের সামাজিক ব্যাধি, কিশোর গ্যাং ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত নৈতিক শিক্ষামূলক পাঠদান ও সচেতনতামূলক আলোচনা সভা আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়েছে।


কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পড়াশোনা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সূর্যাস্তের পর অপ্রয়োজনে শিক্ষার্থীদের বাইরে অবস্থান না করা, কোচিং-প্রাইভেটের সময়সীমা মেনে চলা এবং অভিভাবকদের সচেতন হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের পড়াশোনার পাশাপাশি নিরাপদ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কোনো শিক্ষার্থী যাতে কিশোর গ্যাং, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com