ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন, স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের অগ্রগতির কথা জানালেন মির্জা ফখরুল

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৭:০৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৭:০৮:০৯ অপরাহ্ন
মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে ২৫০ শয্যার জেলা হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে এবং আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও ডায়াবেটিস সমিতির আয়োজনে এবং নেপালের সহযোগিতায় অনুষ্ঠিত এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্যসেবাকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি থানায় এ ধরনের আই ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এসব কার্যক্রম নিয়মিত পরিচালনার পরিকল্পনাও রয়েছে। তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ অত্যন্ত উদ্যোগী ও পরিশ্রমী। যারা সহজে চক্ষু বিশেষজ্ঞের সেবা পান না, তাদের জন্য এ ধরনের ক্যাম্প একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে অসহায় ও স্বল্প আয়ের মানুষ বিনামূল্যে বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনআইএস-এর চেয়ারপার্সন অধ্যাপক ডা. চেতরাজ প্রান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ জেলার চিকিৎসক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার অসহায় ও স্বল্প আয়ের মানুষের বিনামূল্যে চোখের পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ প্রদান এবং চিকিৎসা-পরামর্শ দেওয়া হবে। ক্যাম্পের মাধ্যমে শত শত মানুষ বিশেষায়িত চক্ষুসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com