সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট খন্দকার এম. মনিরুজ্জামান

আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৬:৫০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৬:৫৭:৫১ অপরাহ্ন
মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:


বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার এম. মনিরুজ্জামান (মনির)। তিনি উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামের ঐতিহ্যবাহী খন্দকার পরিবারের সন্তান এবং প্রয়াত খন্দকার আব্দুল কাদেরের ছোট ছেলে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগাদেশ বাতিল করে Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।


মির্জাগঞ্জ উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তি বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। অ্যাডভোকেট খন্দকার এম. মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস সম্পন্ন করার পর এলএলবি এবং এলএলএম (ফার্স্ট ক্লাস) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে আইনগত সহায়তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি কেরানীগঞ্জ পটুয়াখালী জেলা সমিতির সহ-সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সহ-সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা আইনজীবী সোসাইটি, ঢাকার সাবেক সদস্যসচিব এবং ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম দৈনিক সংবাদ বাংলাদেশ-এর আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।


স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছে, তাঁর এ নিয়োগ দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার কার্যালয়ে মির্জাগঞ্জের প্রতিনিধিত্বকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com