কুড়িগ্রামের রাজারহাট একতা বাজারের প্রবেশপথ ভাঙনে চরম দুর্ভোগ, দ্রুত স্থায়ী সংস্কারের দাবি

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০১:২৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০১:২৫:৩০ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র একতা বাজারের প্রধান প্রবেশপথ দীর্ঘদিন ধরে ভয়াবহ ভাঙনের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ৩০ মিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ, এমনকি সাধারণ মানুষের হেঁটে চলাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একতা বাজারটি কালুয়া, কিং ছিনাই, জয়কুমর, চতূর্ভুজ, বুদারু, বিদ্যাবাগিশ, ছিনাইহাটসহ কুড়িগ্রাম ও পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার হাজারো মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচার অন্যতম কেন্দ্র। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই সড়ক ব্যবহার করলেও ভাঙা প্রবেশপথের কারণে চরম দুর্ভোগে পড়ছেন ক্রেতা, বিক্রেতা ও পথচারীরা। স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যরা জানান, জনগণের কাছ থেকে চাঁদা তুলে কয়েক দফা সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে স্থায়ী সংস্কারের অভাবে প্রতিবারই অল্প সময়ের মধ্যে সড়কটি আবার ভেঙে যায়।


এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তাদের দাবি, সড়কটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে থাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)ও সংস্কারে এগিয়ে আসছে না। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের একাধিকবার বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “নির্বাচনের আগে উন্নয়নের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনের পর এলাকার মানুষের খোঁজখবর নিতে কিংবা এই গুরুত্বপূর্ণ সমস্যাটি দেখতে কেউ আসেননি।


” এলাকাবাসীর প্রশ্ন, প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কের দুর্ভোগ আর কতদিন চলবে? সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে কি জনভোগান্তি এভাবেই চলতে থাকবে? দ্রুত সময়ের মধ্যে একতা বাজারের প্রবেশপথের স্থায়ী সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com