চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৮:৩৭:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৮:৩৮:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :



বাকেরগঞ্জ চরামদ্দি ইউনিয়নের উত্তর বাদলপাড়া এলাকার মজুমদার বাড়িতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে তিনটি পুকুরের মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আবুল কালাম (কাবুল) মজুমদার। ভুক্তভোগী জানান, দীর্ঘ ৩৬ বছর বিভিন্ন পর্যায়ে মানুষের সেবা করার পর অবসরে যান তিনি। কর্মজীবনের শেষ সম্বল হিসেবে পাওয়া পেনশনের সঞ্চিত অর্থ দিয়ে নিজ গ্রামের বাড়ির তিনটি পুকুরে মাছের চাষ শুরু করেন। অবসরের পর এই মাছ চাষই ছিল তার নতুন জীবিকার স্বপ্ন ও আশার জায়গা। তিনি অভিযোগ করেন, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে গিয়ে তিনি দেখেন, চাষ করা মাছ পানির ওপর ভেসে উঠেছে।


এতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার মাছ মারা যায়। আবুল কালাম (কাবুল) মজুমদার বলেন, “যারা এ কাজ করেছে তারা শুধু আমার মাছই মারেনি, আমার শেষ বয়সের স্বপ্ন, পরিশ্রম ও জীবিকার আশাকেও ধ্বংস করে দিয়েছে।” এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চরামদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com