খানসামায় গরুবাহী টেম্পুর সঙ্গে সংঘর্ষে ঝরে গেল অটোচালকের প্রাণ

আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৪:২৩:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৪:২৩:৩৩ অপরাহ্ন
 
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে রইসুল করিম বাবু (৪২) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
 
বুধবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের উপজেলার বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রইসুল করিম বাবু নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের মৃত রহিমদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
 
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন। বড়বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী টেম্পুর সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও কয়েকজন সামান্য আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
 
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com