ঘুষ ও অনিয়মের অভিযোগে বদলি হওয়া কর্মচারী ফের কাউখালীতে পদায়ন, জনমনে ক্ষোভ

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৯:২৯:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৯:৩১:১৮ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি


পিরোজপুরের কাউখালীতে ঘুষ গ্রহণ, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে তদন্তের মুখে বদলি হওয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ রায়হান খানকে মাত্র ছয় মাসের ব্যবধানে পুনরায় একই উপজেলায় পদায়ন করায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়, ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগে তৎকালীন ইউএনও স্বজল মোল্লার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়। পরে তাকে ইন্দুরকানী উপজেলায় বদলি করা হলে তিনি ২০২৫ সালের ১৮ ডিসেম্বর সেখানে যোগদান করেন। তবে অভিযোগ রয়েছে, বিভাগীয় কোনো ব্যবস্থা গ্রহণ না করেই তাকে পুনরায় কাউখালীতে পদায়নের আদেশ দেওয়া হয়েছে।


এ ঘটনায় স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ অস্বীকার করে রায়হান খান বলেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অভিযোগ করা হয়েছে এবং তিনি সম্পূর্ণ নির্দোষ।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, পূর্ববর্তী তদন্তে অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়েছিল এবং বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। এদিকে জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা সুভাষ চন্দ্র দেবনাথ বলেছেন, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে বদলি আদেশ স্থগিতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com