নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত।
এক বিবৃতিতে তিনি বলেন,
“জামায়াতের নেতারা বলেছেন, ‘আওয়ামী লীগের মিছিল ঠেকাবে সরকার, জামায়াত নয়’।
কিন্তু ধানমন্ডিতে সাধারণ সাংবাদিকদের আওয়ামী লীগের তকমা দিয়ে হামলার অভিযোগ সেই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক একটি চিত্র তুলে ধরেছে।”ধানমন্ডিতে সংবাদ সংগ্রহরত সাধারণ সাংবাদিকদের আওয়ামী লীগের তকমা দিয়ে হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তিনি দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে তারা জামায়াত বা তাদের সমর্থকদের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করতে নিরুৎসাহিত হন।
নুর বীন আব্দুর রহমান রাহাত বলেন, “সাংবাদিকদের ওপর হামলা, তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান এবং রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে হেনস্তা করা গণতান্ত্রিক মূল্যবোধ ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
তিনি আরো বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা সকল গণতান্ত্রিক শক্তির দায়িত্ব। সাংবাদিকদের ওপর যেকোনো হামলা ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে হবে।”
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এই নেতা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে