গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকায় একটি কার্টনের ভেতর থেকে অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকার আকন বাড়ির সামনে একটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা কার্টনটি খুলে ভেতরে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ দেখতে পান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলে তারা দ্রুত গলাচিপা থানায় খবর দেন। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, গোপনে কোথাও গর্ভপাত ঘটানোর পর নবজাতকের মরদেহটি সেখানে ফেলে রাখা হতে পারে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি থানায় আনা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।