বাঁশখালীতে বাবা মায়ের সহযোগিতায় অনলাইন জুয়া ও অপরাধে জড়িত যুবককে ৬ মাসের কারাদণ্ড

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৫:১৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৫:২৫:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জলিয়াঘাটা এলাকায় অনলাইন জুয়া, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম (১৯) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তের বাবা-মা আইনের আশ্রয় নিলে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ওমর সানী আকনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

মোবাইল কোর্ট চলাকালে অভিযুক্তের বাবা ও মা উপস্থিত হয়ে তাদের ছেলের দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জবানবন্দি দেন। তারা জানান, আব্দুর রহিম অনলাইন জুয়ার প্রতি আসক্ত ছিল।

জুয়ার টাকা সংগ্রহ করতে না পারলে সে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ত। পরিবারের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত জুয়ার অর্থ জোগাড়ের জন্য অটোরিকশার ব্যাটারি, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি ও ছিনতাই করত। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে। এমনকি জুয়ার টাকা না পেলে ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রও চুরি করত বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, “মাদক, অনলাইন জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে অপরাধমুক্ত রাখতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে অভিযুক্তের অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। আদালতের এ রায়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com