ইরাকের মাটিতে ইসরাইলের দ্বিতীয় গোপন ঘাঁটির সন্ধান

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১২:৫৭:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১২:৫৭:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে ইসরাইলি সামরিক বাহিনী দুটি ‘গোপন’ ঘাঁটি পরিচালনা করেছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-নুখাইব শহরের কাছে অবস্থিত এই ঘাঁটিগুলোর একটির অস্তিত্ব গোপন রাখার চেষ্টায় ইসরাইলি বাহিনী এক রাখাল ও একজন ইরাকি সেনাকে হত্যা করেছে।

নিহত ওই ইরাকি রাখালের নাম আওয়াদ আল-শামারি (২৯) বলে শনাক্ত করা হয়েছে।

আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই ঘাঁটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ‘চলমান’ যুদ্ধের আগেই তৈরি করা হয়েছিল এবং গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে চলা ১২ দিনের যুদ্ধে এটি ব্যবহার করা হয়েছিল। ইসরাইল এই ঘাঁটি মূলত বিমান সহায়তা (এয়ার সাপোর্ট), জ্বালানি রিফুয়েলিং এবং চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ব্যবহার করত।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের এই ঘাঁটির বিষয়ে জানত। এর অর্থ দাঁড়ায়, ওয়াশিংটন ইরাকের মাটিতে যে শত্রুভাবাপন্ন বাহিনী অবস্থান করছে, সেই সত্যটি বাগদাদের কাছ থেকে গোপন রেখেছিল।

সংবাদপত্রটি জানায়, এই ঘাঁটি এর আগে গণমাধ্যমে আসা অন্য একটি ঘাঁটি থেকে সম্পূর্ণ আলাদা।

ওয়াল স্ট্রিট জার্নালে এর আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে আরেকটি ঘাঁটি তৈরি করা হয়েছিল, যা ইসরাইলি বিমান বাহিনীর লজিস্টিক হাব বা কেন্দ্র হিসেবে কাজ করত এবং সেখানে বিশেষ বাহিনী নিয়োজিত ছিল।

এই প্রতিবেদনের বিষয়ে ইরাকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে রোববার ইরাকের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডারের মুখপাত্র সাবাহ আল-নুমান বলেছিলেন, অন্য কোনো দেশের ওপর হামলার জন্য ইরাক তার ভূখণ্ডকে ‘লঞ্চিং প্যাড’ বা ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেবে না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com