​নবনিযুক্ত ভিসির যোগদান, প্রথমেই ইবির মূল লক্ষ্যে ফেরার প্রতিজ্ঞা!

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০১:১৩:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০১:১৩:১৭ অপরাহ্ন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। আগামী চার বছরের জন্য নিয়োগ পাওয়া এই উপাচার্য গতকাল (১৫ মে) আনুষ্ঠানিক যোগদান করেছেন। এর আগে ১৪তম উপাচার্য ছিলেন সদ্য বিদায়ী অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ নিশ্চিত হয়। পরের দিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দায়িত্ব গ্রহণ শেষে স্মৃতিসৌধ ও প্রতিষ্ঠাকালীন (শহীদ জিয়া) ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদন করেন।

যোগদানের প্রথমদিনেই শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন মূল লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের প্রতিজ্ঞা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় ১৯৭৯ সালের ২২ নভেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন সময়ে এর লক্ষ্য ও উদ্দেশ্যের বিচ্যুতি ঘটানো হয়েছে। আমি সেই দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব–বিশ্ববিদ্যালয়ের গতিকে আরও সামনের দিকে ইতিবাচকভাবে অগ্রসর করার।”

জুম্মার নামাজ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে আবারও একই বক্তব্য পুনরাবৃত্তি ঘটিয়েছেন। তিনি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, “আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া তিনি আমার মত একজন ক্ষুদ্র ব্যক্তিকে তাঁর পরিকল্পনায় রেখেছেন। আপনারা জানেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই বিশ্ববিদ্যালয়টি এখানে প্রতিষ্ঠা করেছিলেন, আমি ব্যক্তিগত মনে করি এবং নিশ্চয়ই আপনারাও একমত হবেন– বিগতদিনে এই লক্ষ্য উদ্দেশ্য পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনাদের সাথে আমার দেখা হবে এবং আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব সুষ্ঠ, সুন্দরভাবে পালন করব। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা আগামী দিনে যাতে সেটি পূরণ করতে পারি এবং এই বিশ্ববিদ্যালয় যাতে ইতিবাচকভাবে দেশ ও জাতির কাছে, পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডল উপস্থাপন করতে পারি সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাআল্লাহ।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com