বট বাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্ক ভাঙছে পাকিস্তান: নেতানিয়াহু

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১০:২৮:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১০:২৮:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার দীর্ঘদিনের শক্তিশালী মিত্রতা নষ্ট করতে পাকিস্তান পর্দার আড়াল থেকে ‘ছায়া অভিযান’ চালাচ্ছে বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত ১০ মে মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

নেতানিয়াহু দাবি করেন, পাকিস্তানের মতো কিছু দেশ বট ফার্ম ও ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে একটি সমন্বিত তথ্যযুদ্ধ (ইনফরমেশন ওয়ার) পরিচালনা করছে। এই ডিজিটাল যুদ্ধের মূল লক্ষ্য হলো ওয়াশিংটন ও তেল আবিবের দ্বিপক্ষীয় সম্পর্ক দুর্বল করা।

তিনি বিষয়টিকে চলমান সামরিক সংঘাতের সমান্তরালে একটি ‘লুকানো ডিজিটাল যুদ্ধক্ষেত্র’ হিসেবে অভিহিত করেছেন।

তরুণ আমেরিকানদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘কয়েকটি দেশ মূলত বট ফার্ম
ও ভুয়া ঠিকানা দিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করছে। লক্ষ্য হলো ইসরাইলের প্রতি আমেরিকানদের সহানুভূতি ভেঙে দেওয়া এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল জোট দুর্বল করা।’

তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, ‘আপনি একটি টেক্সট মেসেজ পাচ্ছেন, সেখানে লেখা আছে, আমি একজন খাঁটি টেক্সাসবাসী। সব সময় ইসরাইলকে সমর্থন করেছি। কিন্তু তারা যা করছে তা সহ্য করতে পারছি না। আমি ইসরাইলের বিরুদ্ধে চলে যাচ্ছি। এরপর যখন ঠিকানা খোঁজা হয়, দেখা যায় সেটি পাকিস্তানের কোনো বেসমেন্ট থেকে পাঠানো হয়েছে।’

নেতানিয়াহু জোর দিয়ে বলেন, এটি একটি বড় তথ্যযুদ্ধের অংশ। ইসরাইল একাধিক রণাঙ্গনে লড়ছে, কিন্তু ‘অষ্টম রণাঙ্গনে’, অর্থাৎ গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার যুদ্ধে দেশটি ‘পুরোপুরি উন্মুক্ত’ হয়ে পড়েছে।

উল্লেখ্য, ইসরাইলের সঙ্গে পাকিস্তানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। গাজায় ইসরাইলি হামলা এবং ইরানে সাম্প্রতিক সামরিক অভিযানের বিষয়েও পাকিস্তান শুরু থেকেই উচ্চকণ্ঠ ও কঠোর সমালোচক। তবে বর্তমানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল পরিস্থিতির মধ্যস্থতাকারী হিসেবে দেশটি নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এমন প্রেক্ষাপটেই নেতানিয়াহু পাকিস্তানের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com