ইসরাইলের হামলায় লেবাননে আরও ৩৯ জন মারা গেছে

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১১:৩৫:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১১:৩৫:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের তীব্র হামলায় আরও অন্তত ৩৯ জন নিহত হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে একটি শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং 'নিরীহ বেসামরিক মানুষের ক্ষতির খবর সম্পর্কে তারা অবগত'।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল ইসরাইল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরও ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ইসরাইলের অধিকাংশ বিমান হামলা দক্ষিণ লেবাননে হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।

হিজবুল্লাহ হলো ইরান সমর্থিত একটি মিলিশিয়া ও রাজনৈতিক দল।

শনিবার লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি দেশটি (এনএনএ) সাকসাকিয়েহসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ইসরাইলি হামলার খবর প্রকাশ করেছে।

আইডিএফ জানিয়েছে, তারা ওই এলাকায় 'সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি স্থাপনার ভেতরে অবস্থানরত হিজবুল্লাহ যোদ্ধাদের' লক্ষ্য করে হামলা চালিয়েছে।

‘হামলার আগে বেসামরিক মানুষের ক্ষতির ঝুঁকি যতটা সম্ভব কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল নির্ভুল অস্ত্রের ব্যবহার এবং আকাশপথে নজরদারি।’ তারা আরও জানায়, ঘটনাটির বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নাবাতিয়েহ এলাকায় একটি মোটরবাইক লক্ষ্য করে চালানো আরেকটি ইসরাইলি হামলায় 'একজন সিরীয় নাগরিক এবং তার ১২ বছর বয়সি মেয়ে' আক্রান্ত হওয়ার খবর দিয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ‘প্রথম হামলার স্থান থেকে সরে যেতে সক্ষম হওয়ার পর ড্রোনটি দ্বিতীয়বার হামলা চালায়’ এবং এতে বাবা নিহত হন। এরপর ড্রোনটি ‘তৃতীয়বার সরাসরি মেয়েটিকেও লক্ষ্যবস্তু করে’ হামলা চালায়।


 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com