অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৭:১৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৭:১৪:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে অভিনেতা সি জোসেফ থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে। বিদুথালাই চিরুথাইগল কাছি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ায় জোটের আসনসংখ্যা এখন দাঁড়িয়েছে ১২০-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করেছে।

এর ফলে তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ প্রায় পরিষ্কার হয়ে গেছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে।

ভিসিকে ও আইইউএমএল দুই দলেরই রয়েছে দুটি করে বিধায়ক। তাদের সমর্থন যুক্ত হওয়ায় নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কেটে গেছে। টিভিকে সদর দপ্তরে এ খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় উদযাপন।

এদিকে ভিসিকের পক্ষ থেকে রাজ্যপালআরভি আর্লেকারকে পাঠানো সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুর জনগণের জন্য স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই তারা বিজয়ের নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিচ্ছে।

ভিসিকে সভাপতি থোল থিরুমাভালাভানের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে দলটির দুই বিধায়কের সমর্থনের কথা উল্লেখ করা হয়। চিঠিতে আরো বলা হয়, সরকার গঠনের স্বার্থে এই সমর্থন নিঃশর্তভাবে দেওয়া হয়েছে।

এখন পরবর্তী ধাপে বিজয় জোটের সব ১১৮ বিধায়কের সমর্থনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। এরপর রাজ্যপাল তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে পারেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com