ইরান যুদ্ধের সমাপ্তি ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১১:০৩:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১১:০৩:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ওই সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। অভিযানের লক্ষ্য বাস্তবায়িত হয়েছে জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তার এ ঘোষণার মধ্য দিয়ে একতরফাভাবে যুদ্ধ থেকে সরে আসার ঘোষণা দিল ওয়াশিংটন। একই দিন তেহরানের সঙ্গে একটি শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত জানিয়ে হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব বিষয়ে ইরান এখনো কোনো মন্তব্য করেনি। হরমুজের ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং আবার হামলা হবে না—এমন নিশ্চয়তা পেলেই কেবল যুদ্ধ থেকে সরে আসবে তেহরান।

 
ইরানে নতুন কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন,
ইরান ইস্যুতে নতুন কোনো পরিস্থিতি তৈরি হোক তা আমরা চাই না। আমরা শান্তির পথই পছন্দ করি। আমাদের প্রেসিডেন্ট একটি চুক্তি চান। তিনি চান হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হোক, যেন বিশ্ব ফের আগের অবস্থায় ফিরতে পারে। রুবিও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি-সম্পর্কিত প্রশ্নগুলোর সমাধান আলোচনার মাধ্যমেই করা হবে। ওয়াশিংটন এ ঘোষণার মধ্য দিয়ে পরাজয় স্বীকার করে নিয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে ব্যাপক ব্যয়, সামরিক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে বন্ধুপ্রতিম দেশগুলোর চাপ এবং দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান যুদ্ধবিরোধী মনোভাব ট্রাম্প প্রশাসনকে যুদ্ধ থেকে সরে যেতে বাধ্য করেছে।


অন্যদিকে অর্থনৈতিক অবরোধে জর্জরিত ইরানও চায় শান্তিচুক্তির মাধ্যমে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। ফলে উভয় দেশ যুদ্ধ বন্ধ ও বিস্তারিত পারমাণবিক আলোচনার একটি কাঠামো তৈরি করতে এক পৃষ্ঠার সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। এক্সিওস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর দুপক্ষ এবারই চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ইরানের জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। এ চুক্তি স্বাক্ষরিত হলে পাকিস্তানের ইসলামাবাদ অথবা সুইজারল্যান্ডের জেনেভায় দেশ দুটির মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হতে পারে। যদিও ট্রাম্পের বারবার অবস্থান পরিবর্তনের কারণে চুক্তি নিয়ে সংশয় রয়ে গেছে। খবর আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com