​মির্জাগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৬:০৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৬:০৮:৪৪ অপরাহ্ন

এস কে মিন্টু, মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধি

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে মির্জাগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃষকদের শাকসবজি ও ফল চাষের আধুনিক কৌশল, সঠিক পদ্ধতিতে সার ও কীটনাশক প্রয়োগ, উন্নত সেচ ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ের প্রদর্শনীর মাধ্যমে কোন মৌসুমে কোন ফসল অধিক উৎপাদনশীল হয়, সে বিষয়েও বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আমানুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. এইচ এম শামিম, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হারুন অর রশিদ মুন্সি প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং কৃষক-কৃষাণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, পার্টনার প্রকল্প মির্জাগঞ্জের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে আধুনিক কৃষি পদ্ধতির সঙ্গে পরিচিত হচ্ছেন এবং স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, টেকসই উন্নয়নের জন্য কৃষির উন্নয়ন অপরিহার্য এবং এ ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আমানুল ইসলাম বলেন, সরকার কৃষি খাতকে আরও টেকসই করতে বিশ্বব্যাংকের সহায়তায় নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকরা মাঠ পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং অতিরিক্ত উৎপাদিত কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সকলের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com