এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা'র মির্জাগঞ্জ উপজেলা বিশেষ কমিটি ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালত এর যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-আমীনের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।
এ্যাডভোকেট এ. কে আজাদ বাপ্পীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম, উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. আবদুর রহমান, এ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম সরোয়ার মনজু প্রমুখ।
এ সময় কোর্টের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, উপজেলার আইনজীবী, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন, লিগ্যাল এইডের সুবিধাভোগী ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিল। আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, অর্থনৈতিক ও অন্যান্য অসামর্থ্যের কারণে বিচার ব্যবস্থায় ন্যায়বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত ব্যক্তিদের আইনগত অধিকার আদায়ে সরকারী খরচে আইনজীবী নিয়োগ ও আনুষাঙ্গিক খরচ প্রদান করা হয়। বাংলাদেশ সরকার নাগরিকদেরকে আইনগত সহায়তা প্রদানের জন্য 'আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০' প্রণয়ন করে।