তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৫:৫৫:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৫:৫৫:২৪ অপরাহ্ন

 
 
মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি, 
 
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেতুলিয়া নদীর ভয়াবহ ভাঙন রোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
 
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে তেতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা একের পর এক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে অনেক পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নতুন করে আরও শতাধিক পরিবার ভাঙনের মুখে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।
 
তারা অভিযোগ করেন, বারবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন-নিবেদন করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ভাঙন পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।
 
বক্তারা দ্রুত নদী তীর সংরক্ষণে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা এবং একটি দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের দাবি জানান। তারা বলেন, এখনই ব্যবস্থা না নিলে পুরো এলাকা বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখে পড়বে।
 
মানববন্ধন থেকে সরকার ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতি জোর আহ্বান জানানো হয়, যেন দ্রুত প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে রক্ষা করা হয়।
 
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com